পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

by hsnalmahmud@gmail.com

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি নদী থেকে তুলে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার সময় বাসে চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবার কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তে ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222