আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক নিয়ম না মেনে বাংলাদেশে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়া বন্ধ করতে ইতোমধ্যে ভারতের কর্তৃপক্ষকে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের ফেরত দেওয়ার একটি সুনির্দিষ্ট ও নির্ধারিত আইনি প্রক্রিয়া রয়েছে। আন্তর্জাতিক নিয়ম এবং দ্বিপাক্ষিক প্রোটোকল অনুসরণ করেই কেবল তাদের ফেরত পাঠাতে হবে। যথাযথ প্রক্রিয়া না মেনে এভাবে জোরপূর্বক সীমান্ত পার করার চেষ্টা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, ভারতের এই পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত শক্ত হাতে প্রতিহত করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে এই প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালিয়ে আসছে। তবে বিজিবির কঠোর ও সতর্ক অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ।
টিএইচএ/
