বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। বিরতির পর কোরিয়ান গোলরক্ষক কিম সুং গিউয়ের ভুলে পাওয়া সুযোগে জাল কাঁপিয়ে মেক্সিকানদের উল্লাসে মাতান মিডফিল্ডার লুইস রোমো।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানো মেক্সিকোর একাদশে শুক্রবার তিনটি বদল আনেন কোচ হাভিয়ের আগিরে। তাদের একটি হলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার রোমো। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামেন তিনি। আর স্মরণীয় উপলক্ষটি রাঙিয়ে দলের পক্ষে করেন জয়সূচক গোল।

বিজ্ঞাপন
banner

প্রথমার্ধে দুই দলই খেলে নিষ্প্রভ ফুটবল। তবে বিরতির পর গোল পেতে বেশি সময় লাগেনি স্বাগতিকদের।

ম্যাচের ৫০তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বল গ্লাভসে জমাতে গিয়ে সামনে থাকা সতীর্থ লি গি হিউকের সঙ্গে ধাক্কা লাগে গোলরক্ষক কিমের। হাত ফসকে বেরিয়ে যায় বল। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা রোমো ফাঁকা জালে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি।

৭৫তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। রাউল হিমেনেজের দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকে দেন তিনি। পরের মিনিটে অল্পের জন্য সমতা টানতে পারেনি কোরিয়ানরা। বদলি নামা ইয়াং হিউন জুনের ক্রসে গোলমুখে স্লাইড করেও পা ছোঁয়াতে পারেননি আরেক বদলি ওহ হিউন গিউ।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। তবে দক্ষিণ কোরিয়ার সমতায় ফেরার আশা অসাধারণ দক্ষতায় ভেস্তে দেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেল। বদলি নামা চো গিউ সুংয়ের হেড রুখে দেওয়ার পর আলগা বলে ইয়াংয়ের ফিরতি প্রচেষ্টা কোনোমতে গোললাইন থেকে ফেরান তিনি।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে হার এড়ালেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হারলেও সেই সুযোগ থাকবে, যদি একই সময়ে মাঠে গড়ানো দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের ফল পক্ষে আসে।

অন্যদিকে, দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার নকআউটের আশা শেষ হয়ে যায়নি। জয় তো বটেই, নিজেদের শেষ ম্যাচে ড্র করলেও এশিয়ার দলটির সম্ভাবনা টিকে থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222