পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৭

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সড়ক পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, শনিবার যাত্রীবাহী ব্যক্তিগত একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে প্রথম রিমোট নিয়ন্ত্রিত আইইডি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় হতাহতদের উদ্ধার করে যখন একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। জোড়া বিস্ফোরণের এই ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলটিতে সন্ত্রাসী হামলা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ করা হচ্ছে যে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে এই ধরনের হামলা চালাচ্ছে। তবে কাবুলের বর্তমান তালেবান সরকার ইসলামাবাদের এই দাবি বারবার অস্বীকার করে আসছে। এই সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সম্প্রতি পাকিস্তানি বিমান বাহিনী আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালিয়েছে। চলমান এই সহিংসতার কারণে গত অক্টোবর থেকে দুই দেশের মধ্যকার সীমান্ত বাণিজ্য এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222