স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: আদালত নিজের দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রীর বিরুদ্ধেই দিয়েছে রায়। ইউরোপের দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটি। একই সঙ্গে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দেশটির আদালত এই নির্দেশ দিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুবার তাকে আদালতে হাজিরা দিতে হবে।

বিজ্ঞাপন
banner

গোমেজ যাতে দেশত্যাগের নিষেধাজ্ঞা মেনে চলেন তা নিশ্চিত করতে আদালত বলেছেন, সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।

রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই বিচারের কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে বিচারক পেইনাতো আনুষ্ঠানিকভাবে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন।

সানচেজের স্ত্রী হিসেবে গোমেজ নিজের পদমর্যাদাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন কি না তা নির্ধারণ করতে ২০২৪ সালের এপ্রিলে তিনি এই তদন্ত শুরু করেন। তবে গোমেজ এবং প্রধানমন্ত্রী দু’জনই এই অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে বিশেষ অধ্যাপকের একটি পদ গঠন ও পরিচালনা করা হয়েছে। যার সহ-পরিচালক ছিলেন গোমেজ। এর পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ হাসিলে সরকারি সম্পদ ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবহারের অভিযোগও করা হয়েছে।

গোমেজ শুরু থেকেই কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন। স্ত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে সানচেজ তার সরকারকে দুর্বল করার জন্য ডানপন্থীদের প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করেছে।

সূত্র: এএফপি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222