আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক স্কলারদের বিশেষ বৈঠক। ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের আন্তর্জাতিক পরামর্শমূলক সভা ছিল এটি। তুরস্কের গাজিয়ানতেপ শহরে ইসলামী বিশ্বের উচ্চশিক্ষা খাতে সহযোগিতা ও সমন্বয়ের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের আন্তর্জাতিক পরামর্শমূলক সভায় বিশ্বের ৪৩টি দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১০০ জনেরও বেশি উপাচার্য, বিশ্ববিদ্যালয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অংশগ্রহণ করেছেন।
এই ঐতিহাসিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণ করা। পাশাপাশি যৌথ গবেষণা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের ফাঁকে সৌদি আরব, ফিলিস্তিন, মিসর, লিবিয়া, লেবানন, ভারত, থাইল্যান্ড, সার্বিয়া ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানদের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে একাডেমিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা, গবেষণাভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং ইসলামী বিশ্বের উন্নয়নে যৌথ বৈজ্ঞানিক প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল গাজা উপত্যকার শিক্ষা ব্যবস্থা রক্ষা। অংশগ্রহণকারী শিক্ষাবিদরা যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেও গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তুরস্কের উচ্চশিক্ষা পরিষদের প্রধান গাজার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও যেন গাজার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ ও কার্যকর সহযোগিতা জরুরি।
