নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘এইচএসসি, আলিম ও সমমান সকল পরীক্ষার্থীর জন্য রইলো অফুরান দোয়া ও শুভকামনা।’
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেক ব্যবহারকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নফাঁসের গুজব বা অনিয়ম ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পরীক্ষা শুরুর প্রাক্কালে আজহারীর এই দোয়া ও শুভকামনার বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। পরীক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা- সব শিক্ষার্থী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে তাদের পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল অর্জন করবে।
