নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, বর্তমান জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকার মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য নেই; উভয় পক্ষ যেন একাকার হয়ে গেছে।
বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ’ বলেই তাঁর ধারণা। তিনি এ ধরনের মন্তব্য নতুন সাইবার আইনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
মাওলানা ইউসুফী বলেন, সম্প্রতি জাতীয় সংসদে সাইবার আইন নিয়ে আলোচনা হলেও বিরোধী দলের কেউ আইনের মূল বিরোধিতা করেননি। বরং আইনটি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়—এমন আহ্বানই জানানো হয়েছে। তাঁর ভাষ্য, যদি আইনটির অপব্যবহারের আশঙ্কা থেকেই থাকে, তাহলে এর মৌলিক বিরোধিতা না হওয়ার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।
তিনি আরও বলেন, অতীতে এ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলগুলো কঠোর অবস্থান নিয়েছে, সংসদে প্রতিবাদ করেছে এবং ওয়াকআউটের মতো কর্মসূচিও পালন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে ধরনের কোনো দৃশ্যমান প্রতিবাদ দেখা যায়নি।
জমিয়তের এই নেতা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও যেন কোনো আইন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। তিনি মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানান।
