বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা ক্ষোভ ও রহস্য রেখে সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’
বুধবার (১ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। জুলাই বিপ্লবের স্মৃতি এবং এর কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতির দিকে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’ আন্দোলনের এই সমন্বয়ক নিজের পরিকল্পনার ছলে ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব টাইটেল হবে, let’s say- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’ সবশেষে এই অভিনব বাণিজ্য ও নামকরণের আইডিয়া নিয়ে প্রশ্ন রেখে উমামা ফাতেমা বলেন, ‘কেমন লাগল আইডিয়াটা?’
যদিও ফেসবুক পোস্টে তিনি ঠিক কেন এসব কথা বলেছেন এবং কাকে বা কোন মহলকে উদ্দেশ করে এই তীর্যক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, তা সুনির্দিষ্টভাবে স্পষ্ট করেননি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এই প্রথম সারির আন্দোলনকারী। তবে সচেতন নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই বিপ্লবের পর বিভিন্ন মহলে কৃতিত্ব নেওয়ার যে প্রতিযোগিতা এবং ‘মাস্টারমাইন্ড’ বা বিভিন্ন টাইটেল ব্যবহারের যে হিড়িক পড়েছে, সেটিকে কটাক্ষ করেই উমামা ফাতেমা এমন রহস্যময় ও ক্ষোভমিশ্রিত পোস্ট দিয়েছেন।
টিএইচএ/
