মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনীতে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২০) সকালে চিরকুট ও বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। পূর্বশত্রুতার কারণে কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা বাড়ি মালিকের।
পরে বাড়ির মালিক বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে। তিনি গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়ে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট।
তাতে লেখা ছিল, ‘‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা মেরে মেরে ফেলব। দল এখন পাওয়ারে। বেঁচে থাকতে কথা শোন।”
আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর।
গাংনী থানা ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
