নিজস্ব প্রতিবেদক :: অবশেষে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম থেকে সরাসরি মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক। এ সময় তিনি দায়িত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আরও কার্যকর, জনমুখী ও সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যেই একজন আলেমকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত মহাপরিচালক কর্মকর্তা-কর্মচারীদের পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা এবং বিধিবিধান মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে নতুন কর্মপরিকল্পনা ও উদ্যমের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য এবং একাধিক কওমি মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের পরিচালক এস এম তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
