আফগানিস্তানের টেকসই উন্নয়নে কাতার-উজবেকের সমর্থন পুনর্ব্যক্ত

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে সার্বিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার ও উজবেকিস্তান।

বুধবার (১ জুলাই) তাশখন্দে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর উজবেকিস্তান ও কাতার দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং আফগানিস্তানের টেকসই উন্নয়নে সমর্থন দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন
banner

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আফগানিস্তানের জন্য দেশটির বিশেষ প্রতিনিধি ইসমাতুল্লাহ ইরগাশেভ ৩০শে জুন উজবেকিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত হাসান হামজা হাশিমের সাথে আঞ্চলিক সহযোগিতা এবং আফগানিস্তান সম্পর্কিত ঘটনাবলি নিয়ে আলোচনা করতে সাক্ষাৎ করেছেন।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা জোরদার করার পাশাপাশি আফগানিস্তানের দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই কর্মকর্তা আঞ্চলিক বিষয় নিয়েও মতবিনিময় করেন এবং আফগানিস্তান সম্পর্কিত বিষয়ে সমন্বয় বাড়ানোর উপায় অন্বেষণ করেন।

বৈঠক চলাকালে কাতারি প্রতিনিধিদল আফগানিস্তানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে উজবেকিস্তানের অব্যাহত সহায়তার প্রচেষ্টার প্রশংসা করেছে এবং আঞ্চলিক সংলাপ, সংযোগ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে তাসখন্দের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করেছে।

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, কাতার “আফগানিস্তানের আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সহায়তার জন্য উজবেকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার” প্রশংসা করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে দেশটির গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিয়েছে।

উজবেকিস্তান অবকাঠামো প্রকল্প, বাণিজ্য উদ্যোগ এবং মানবিক সহায়তার মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ক্রমবর্ধমানভাবে সম্পৃক্ত হতে চেয়েছে এবং এই মত পোষণ করে যে, মধ্য এশিয়া জুড়ে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার অপরিহার্য।

উজবেকিস্তান-কাতার সম্পর্ক জোরদার করা, আঞ্চলিক বিষয়ে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করা এবং আফগানিস্তান বিষয়ে নিয়মিত সংলাপ বজায় রাখার প্রতি উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি সমাপ্ত হয়। তারা শান্তি, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রসারের লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতিও ব্যক্ত করেন। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222