আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে বলে পুনর্নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশি অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন—এমন পর্যালোচনার ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি পুনর্নোটিফাই করা হয়।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ না করেন কিংবা যুক্তরাষ্ট্রের কল্যাণমূলক ব্যবস্থার ওপর বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।”
বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস স্মরণ করিয়ে দেয় যে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা ও সুবিধা গ্রহণের উচ্চ হারের কারণে গত ২১ জানুয়ারি থেকেই ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া স্থগিত রয়েছে।
দূতাবাস আরও জানায়, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন যাচাই-বাছাই নীতিমালা ও সামগ্রিক প্রক্রিয়াগুলো নতুন করে পর্যালোচনা করার সুযোগ সৃষ্টি হবে, যাতে মার্কিন নাগরিকদের মূল স্বার্থ রক্ষা পায় এবং সেটিকে অগ্রাধিকার দেওয়া যায়।
টিএইচএ/
