অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

by Fatih Work

বাংলাদেশ খেলাফত আন্দোলন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার উপর নতুন করে আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা; ব্যাংক খেকো, ঋণখেলাপীদের থেকে টাকা ও সম্পদ উদ্ধার; অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এই দাবি ওঠে।

বিজ্ঞাপন
banner

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মুফতি আখতারুজ্জামান আশরাফী, মুফতি জসিম উদ্দিন, মুফতী রুহল আমীন প্রমুখ।

হাবিবুল্লাহ মিয়াজী মানববন্ধনে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জনগণ তাদের নায্য অধিকারের জন্য লড়াই করে আসছে, কিন্তু তারা এখনও তাদের নায্য অধিকার পায়নি।’ তিনি বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘যতটুকু কর ও শুল্ক বৃদ্ধি করা হয়েছে তা জনগণের উপর আরও চাপ তৈরি করবে। আমরা চাই না জনগণের উপর নতুন কোনো বোঝা চাপুক।’

নেতৃবৃন্দ আরও দাবি জানান, ‘দেশের বাজেট ঘাটতি পূরণের জন্য দেশের পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং ব্যাংক লুটপাটকারী ও ঋণখেলাপীদের থেকে দেশের টাকা ও সম্পদ ফিরিয়ে আনা হোক।’ তারা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর নতুন ভ্যাট ও শুল্ক আরোপের ফলে জীবনযাত্রা আরও দুর্বিসহ হয়ে উঠবে।’

নেতৃবৃন্দ সরকারের কাছে পরামর্শ দেন, ‘নতুন ভ্যাট এবং শুল্ক আরোপ না করে, ধনী ব্যক্তিদের উপর কর বাড়ানো এবং ইসলামী অর্থনীতি ব্যবস্থার বাস্তবায়ন করা উচিত।’ তারা সরকারের কাছে এই বিষয়ে প্রয়োজন হলে উলামাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222