মাদক নির্মূলে ইমাম-খতিবগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব পেশ করেছেন দেশের আলেম-উলামা।
তারা বলেন, সরকার এই কমিশন গঠনের মাধ্যমে মাঠ পর্যায়ে মাদক বন্ধের উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে ইমাম-খতিব ও আলেম সমাজ স্বতঃস্ফূর্তভাবে সরকারকে সহযোগিতা করবে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মাদানী মজলিস বাংলাদেশ আয়োজিত ‘দেশ ও জাতির কল্যাণে মাদকের কুফল ও প্রতিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে আলেমরা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ।
তিনি বলেন, মাদক এখন সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। মদ, হেরোইন, আফিমসহ বিভিন্ন ধরনের মাদক কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ইয়াবা সমাজের সর্বস্তরে পৌঁছে গেছে। ইয়াবা এখনই নিয়ন্ত্রণ করা না গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এই জাতিকে ক্রাস করবে। এই ইয়াবা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এর প্রতিকারের জন্য তিনি সরকারের পাশাপাশি সমাজের আলেম-উলামাদের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামাল। তিনি বলেন, দেশের ৬৮টি কারাগারে বন্দিদের মধ্যে ২৫ ভাগই আসে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে। এদের শাস্তি অল্প সময় হওয়ার কারণে যতটুকু সম্ভব কারা কর্তৃপক্ষ এদের কাউন্সেলিং ও চিকিৎসা দিয়ে থাকে।
মাদক সমস্যা নির্মূলে তিনি পরিবারের পাশাপাশি সমাজের মসজিদ, মাদরাসা, পাড়া ও মহল্লায় ইমাম-খতিব, সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক মাদানী মজলিস বাংলাদেশ’র সভাপতি শায়খ মুফতি হাফীজুদ্দীন বলেন, মাদক বর্তমান সময়ের একটি মারাত্মক ব্যাধি হিসেবে ক্রমশ সারাদেশে বিস্তার লাভ করছে। নতুন প্রজন্ম এর মাধ্যমে ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছে। নতুন প্রজন্মকে উদ্ধার ও মুক্ত রাখার জন্য সরকার, সুশীল, সচেতন নাগরিক এবং আলেম-উলামা, ইমাম-খতিব ও ধর্মীয় ব্যক্তিদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সুচিন্তিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং মাঠ পর্যায়ে কর্ম-তৎপরতা বাড়ানোর বিকল্প নেই।
হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ভারত থেকে আগত সায়্যিদ আফফান মানসুরপুরী, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার ভাইস-প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা আব্দুল গাফফার, গবেষক ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, লেখক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, শিল্পপতি ফারুক তালুকদার সোহেল, কমান্ডার (অব.) মাহবুবুর রহমান, কমিশনার (ইনকাম ট্যাক্স) মিজানুর রহমান, মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী মোহন, ক্যাপ্টেন (অব.) এস. এম. হেলাল, সাংবাদিক মশিউর রহমান খান এবং শিল্পপতি গোলাম দস্তগীর বাবু।
এমএনএস/
