ঈদুল আজহার টানা সাত দিনের লম্বা ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। একই সাথে আজ থেকে দেশের পুঁজিবাজারেও নিয়মিত লেনদেন কার্যক্রম শুরু হচ্ছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূলত টানা সাত দিনের একটি দীর্ঘ অবকাশ যাপনের সুযোগ পান। ছুটি শেষ হওয়ার পর আজ থেকে ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে স্বাভাবিক কর্মব্যস্ততা ও নিয়মিত অফিশিয়াল কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আজ থেকে গ্রাহকেরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল কার্যক্রমও একই নিয়মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পাশাপাশি দেশের দুই শেয়ারবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে স্টক এক্সচেঞ্জ দুটির নিজস্ব দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
এদিকে দীর্ঘ ঈদের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা পুরোদমে শুরু হয়েছে। গত শনি ও রোববার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে মানুষের এই স্রোতের কারণে রাজধানীর প্রবেশমুখ ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহনের চাপ নতুন করে বাড়তে শুরু করেছে।
টিএইচএ/
