৩২ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, থাকবেন সক্রিয় আলেম প্রার্থী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক : ৩২ ধাপে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। শুরুতেই হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন ইউপি নির্বাচন দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের আলেম প্রার্থীরা এবার সক্রিয় থাকবে স্থানীয় সরকার নির্বাচন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের মাধ্যমে এমন তথ্য উঠে এসেছে ৩৬ নিউজ কার্যালয়ে।
ঈদ উপলক্ষে দেশের প্রতিটি জেলা শহরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। বিশেষত যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন দেশের মানুষকে ঈদ মোবারক। যারা গত ঈদুল ফিতরে না জানালেও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনেকেই এমন প্রচারে অংশগ্রহণ করেছেন। পিছিয়ে থাকেননি অনেক আলেমও। হাজার হাজার পোস্টারের ভেতরে আলেমদের ছবিও দেখা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিভাগভিত্তিকভাবে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের ভোট সম্পন্ন করতে মোট ৩২ ধাপের একটি প্রাথমিক পরিকল্পনা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বিবেচনা করা হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার সূত্র জানায়, চলতি বছরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে আট বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন আট ধাপে হতে পারে। অর্থাৎ রাজশাহী বিভাগের ৫৬৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন একসঙ্গে আয়োজন করা হবে। একইভাবে বাকি বিভাগগুলোর ইউনিয়ন পরিষদ নির্বাচনও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন
banner

শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতেই প্রয়োজন হবে আটটি ধাপ। একইভাবে বিভাগভিত্তিক উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হলে মোট ৩২টি ধাপ লাগতে পারে। তবে এগুলো এখনো প্রাথমিক পরিকল্পনা। সরকার থেকে ভিন্ন কোনো সিদ্ধান্ত এলে সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হতে পারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিভাগভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা ভাবছি। কারণ, সারা দেশে একসঙ্গে জাতীয় নির্বাচন করতে পারলে একটি বিভাগে নির্বাচন আয়োজন করা কঠিন হওয়ার কথা নয়।’

বিভাগভিত্তিক নির্বাচন হলে ওই বিভাগের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে হবে, নাকি আলাদাভাবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ধরুন প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হলো। তখন রাজশাহী বিভাগের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করা হবে। এরপর ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এভাবে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। পরে একই পদ্ধতিতে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনও আয়োজন করা হবে।’

কোন প্রতিষ্ঠান দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চান- জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘যেখানে জনপ্রতিনিধির প্রয়োজন সবচেয়ে বেশি, সেখান থেকেই নির্বাচন শুরু করতে চাই। সে হিসেবে ইউনিয়ন পরিষদে মানুষের প্রয়োজন বেশি। তবে বর্ষা মৌসুমে নির্বাচন শুরু হলে সব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না।’

কোন বিভাগ দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হতে পারে- জানতে চাইলে আবদুর রহমান মাছউদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া সরকারের সঙ্গে আমাদের মতবিনিময়ের একটি বিষয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন বর্তমানে জনপ্রতিনিধিশূন্য। জেলা পরিষদে সরাসরি নির্বাচন হয় না। তাই এই তিন ধরনের প্রতিষ্ঠানের নির্বাচন যেকোনো সময় আয়োজন করা সম্ভব। এ ছাড়া আইন ও বিধি সংশোধনের কাজ চলছে, যা আগামী জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। এরপর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।’

ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছর আরও ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222