‘ডোনাল্ড ট্রাম্প’ দিনে খাচ্ছে ২৫ কেজি ঘাস, আধা মণ পানি, সঙ্গে ছোলা-ভুসি

by Abid vs36

জাতীয় চিড়িয়াখানায় নতুন অতিথি হিসেবে আসা আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এর রাজকীয় আপ্যায়ন ও দেখভালের নানা তথ্য মিলেছে। বিরল এই প্রাণীটি প্রতিদিন গড়ে ২৫ কেজি নেপিয়ার কাঁচা ঘাস ও পাঁচ কেজি ছোলা-ভুসির মিশ্রণ খাচ্ছে। একই সঙ্গে দানাদার ও আঁশযুক্ত এই বিপুল পরিমাণ খাবারের পাশাপাশি প্রাণীটির দৈনিক পানির চাহিদা মেটাতে লাগছে প্রায় আধা মণ পানি। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান আজ শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

খাঁচায় বিশ্রাম নিচ্ছে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার পর থেকেই অত্যন্ত সতর্কতার সাথে সেটির দেখভাল করা হচ্ছে। প্রাণীটির খাবার তালিকার একটি সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টার দিকে এটিকে প্রথম দফায় ছোলা-ভুসিজাতীয় সুষম খাবার দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে দেওয়া হয় নেপিয়ার ঘাস। দুপুরের বিশ্রামের পর বেলা ২টার দিকে দ্বিতীয় দফায় ঘাস এবং বিকেল ৩টার দিকে পুনরায় ছোলা-ভুসি খেতে দেওয়া হয়। বিকেল ৩টার পর প্রাণীটির হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে আর কোনো ভারী খাবার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে চিড়িয়াখানার ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা মহিষটির সামনে বাংলা ও ইংরেজিতে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ‘অ্যালবিনো বাফেলো’ লিখে একটি পরিচিতি ফলক ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

গৃহপালিত প্রকৃতির হওয়ায় এবং এই পরিবেশেই অভ্যস্ত থাকায় মহিষটিকে খাঁচার ভেতরের পাকা অংশে বেঁধে রাখা হয়েছে, যার ওপরে রয়েছে টিনের ছাউনি। তীব্র গরমের হাত থেকে রক্ষা করতে পাইপ দিয়ে দিনে দুই থেকে তিনবার মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছেন চিড়িয়াখানার কর্মীরা এবং দ্রুতই সেখানে একটি বিশেষ স্ট্যান্ডফ্যানের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে মূল বেষ্টনী থেকে প্রায় ২০-২৫ ফুট দূরত্বে মহিষটিকে রাখায় দর্শনার্থীদের অনেকেই কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন না। নারায়ণগঞ্জ থেকে আসা দর্শনার্থী সুমন ও তার শিশুকন্যা সোবাহার দূর থেকে মহিষটি দেখে কিছুটা আক্ষেপ প্রকাশ করলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ ও প্রাণীর মধ্যে পারস্পরিক রোগজীবাণু ছড়ানো রোধ করতেই এই নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি ছিল।

জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই থাকছে।

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজ চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের প্রধান আকর্ষণই ছিল এই ‘ডোনাল্ড ট্রাম্প’। খাঁচার সামনে দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দায়িত্বরত কর্মীদের। রামপুরা থেকে আসা নাজমুল হুদাসহ অনেক দর্শনার্থী মহিষটির মুখ দেখার জন্য চিড়িয়াখানার কর্মীদের কাছে অনুরোধ জানালেও প্রাণীর বিশ্রামের স্বার্থে কর্মীরা মহিষটিকে বিরক্ত করা থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ মার্কিন প্রেসিডেন্টের চুলের সাথে মিল রেখে নাম রাখা এই মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে এটি বিক্রি করা হলেও কোরবানির ঈদের ঠিক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে পুলিশ এটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় স্থায়ীভাবে হস্তান্তর করে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222