‘মহেশপুর অফিসার্স ফোরাম’-এর উদ্যোগে গুণিজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

by Abid vs36

আব্দুর রহমান, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘মহেশপুর অফিসার্স ফোরাম’-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মহেশপুরের কৃতি সন্তান বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মহেশপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। কৃতি সন্তানদের এই মেলা সুধীজন, স্থানীয় জনপ্রতিধিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে মহেশপুর উপজেলার এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ৩৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও কৃতি স্মারক প্রদান করা হয়। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল অথচ অত্যন্ত মেধাবী ১০ জন শিক্ষার্থীর মাঝে বিশেষ ‘খন্দকার সালমা বেগম মেধা বৃত্তি’র অর্থ তুলে দেওয়া হয়। মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজমুন নাহার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন এবং মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন। ফোরামের সাধারণ সম্পাদক ও সরকারের উপসচিব মুহাঃ আখতারুজ্জামানের উদ্বোধনী বক্তব্যের পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ সজীব।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে মহেশপুরের শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এর মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাঃ আমিনুর রহমানকে এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘রত্নগর্ভা মা’ ক্যাটাগরিতে সখিনা আশরাফ, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বীর মুক্তিযোদ্ধা মোঃ মিখাইল হোসেন বিশ্বাস এবং কৃষি খাতে বিশেষ অবদান রাখায় মোঃ জুলফিকার আলী বিশ্বাস এই সম্মাননা লাভ করেন। পাশাপাশি মহেশপুর উপজেলার সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক সংসদ সদস্য মরহুম মোঃ শহীদুল ইসলামকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান বলেন, মেধার সঠিক বিকাশের মাধ্যমে এই শিক্ষার্থীদের আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে হবে। অনুষ্ঠানের শেষ অংশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে মরহুম রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222