ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরল ৩৬ বাংলাদেশী যুবক

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। ইমিগ্রেশন ও আইনি আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে আইনি সহায়তার জন্য তাদের রাইটস যশোর ও ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের দুটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা যুবকদের কাছ থেকে জানা গেছে, ভালো বেতনে গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্রের সদস্যরা সীমান্ত পথে তাদের অবৈধভাবে ভারতে নিয়ে যায়। পরবর্তীতে কাজের খোঁজে যাওয়ার পর তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে আদালতের মাধ্যমে তাদের ভারতের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। তবে দেশে ফেরার পর বেশ কয়েকজন যুবক অভিযোগ করেন, তাদের কারাগার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার নাম করে বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্রের স্থানীয় দালালেরা। তারা আরও জানান, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক বন্দি জীবন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন
banner

মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, গার্মেন্টসে ভালো কাজের কথা বলে দালালরা এই যুবকদের ভারতে পাচার করেছিল। পরে তারা সেখানে গিয়ে চরম প্রতারণার শিকার হন। ফেরত আসা ব্যক্তিরা যেহেতু সবাই প্রাপ্তবয়স্ক, তাই আইনি কাউন্সেলিং শেষে নিজ নিজ দায়িত্বে তারা রাতেই পরিবারের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংস্থাটি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশি যুবককে রাতেই বেনাপোল পোর্ট থানায় এনে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় উপজেলা প্রশাসন ও মানবাধিকার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222