নিজস্ব প্রতিবেদক :: ফিরতি হজ ফ্লাইট শুরু আজ। হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করছেন। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে যাবে।
সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজিদের ফিরতি যাত্রা। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।
শুক্রবার (২৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো বড় ধরনের শিডিউল জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
আগামী ১ জুলাই শেষ হবে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম।
