ঈদের তৃতীয় দিনে ঢাকার দুই সিটি থেকে ১৩ হাজার টন বর্জ্য অপসারণ

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সরানোর কাজ অব্যাহত রয়েছে। শনিবার রাত ১০টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে ৪ হাজার ৫৪ টন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ৮ হাজার ৮৭১ টন বর্জ্য সরানো হয়েছে। দুই সিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করতে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান শনিবার সন্ধ্যায় গুলশান-২ এর নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, এখনও কিছু স্থানে বর্জ্য অপসারণের কাজ চলছে। রাতের মধ্যে বাকি বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এনে রোববার সেগুলো ল্যান্ডফিলে অপসারণ করা হবে। তিন দিনে ১৮ হাজার ৮৪৪ টনের বেশি বর্জ্য অপসারণের তথ্য দিয়ে ডিএনসিসি প্রশাসক আরও জানান, তাদের আওতাধীন চারটি পশুর হাট ইতোমধ্যে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে এবং বাকি হাটগুলোতেও দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হবে। এ সময় তিনি ঈদের আগে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশন এলাকায় গ্রিল ভাঙা বা লিফট অচল হওয়ার মতো ক্ষয়ক্ষতির ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু চক্র এআই দিয়ে ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানিয়েছেন, ঈদের তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত তাদের এলাকায় মোট ৩২ হাজার টন বর্জ্য সরানো হয়েছে, যার মধ্যে শনিবার বিকাল ৬টা পর্যন্ত ৮ হাজার ৮৭১ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে। রাতে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার জানান, বিভিন্ন এলাকার বর্জ্য সরিয়ে ইতোমধ্যে এসটিএস পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বর্তমানে হাট কিংবা রাস্তায় কোনো বর্জ্য অবশিষ্ট নেই দাবি করে তিনি বলেন, এসটিএসে জমে থাকা বাকি বর্জ্যগুলো সারারাত ধরে মাতুয়াইল ল্যান্ডফিলে স্থানান্তরের কাজ চলবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222