পাকিস্তান সফরে শেষে দেশে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ইসলামাবাদে উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের সপ্তম বৈঠকে এরদোয়ান এবং শেহবাজ শরীফ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে একান্ত আলোচনার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনার মূল আকর্ষণ ছিল ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর, বহুমুখীকরণ এবং প্রাতিষ্ঠানিকীকরণ’ শীর্ষক একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর, যা তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য একটি নতুন প্রতিশ্রুতির রূপরেখা তুলে ধরে। এই ঘোষণাপত্র প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি এবং অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্র অন্তর্ভুক্ত।
এরদোয়ানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।’
কূটনৈতিক ফ্রন্টে, এরদোয়ান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য।
’ এ ছাড়া এরদোগান পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দেশটির যুদ্ধবিমানগুলির একটি চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন দেখেন।
পাকিস্তানে তার সফরের স্মৃতিচিহ্ন হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেহবাজের বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন। সফরে বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সূত্র: আনাদোলু, ডন
এএ/
