আসন্ন হজ মৌসুম সামনে রেখে হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। বৈধ হজ পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে, তাদেরকে কোনো আবাসিক সেবা না দিতে হোটেল, মোটেল, রেস্টহাউস এবং স্থানীয় বাসিন্দাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।
সোমবার (১৫ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পর্যটন মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ২৯ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং এটি বলবৎ থাকবে হজ শেষ হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে মক্কার বিভিন্ন আবাসিক এলাকায় নিয়মিত টহল দেবে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই করবে তারা।
সরকারি বিবৃতিতে আরও বলা হয়, হজের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি এই নির্দেশ অমান্য করে পারমিটবিহীন হজযাত্রীদের থাকার জায়গা দেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
প্রতি বছর লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরব সফর করেন। তবে তাদের অনেকেই যথাযথ নথিপত্র বা অনুমতিপত্র ছাড়াই প্রবেশ করেন, যাদের একটি অংশ আবার অবৈধভাবে সৌদি আরবে স্থায়ীভাবে থেকে যাওয়ারও চেষ্টা করেন।
এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। হজ মৌসুমের আগে যেসব উমরাহযাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএ/
