ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক পৌরসভার সাইনবোর্ডে উর্দুতে লেখা হচ্ছে বিজ্ঞপ্তি। সেই লেখা মুছে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পৌরসভার সাবেক এক কাউন্সিলর। সেই আবেদন খারিজ করলেন দেশটির শীর্ষ আদালত।
ভারতীয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভাষা ধর্ম নয়। উর্দুকে মুসলিমদের ভাষা বলে ধরে নেওয়া দুর্ভাগ্যজনক ও অবান্তর বিষয়।
আবেদন করেছিলেন রাজ্যটির আকোলা জেলার পাতুরের সাবেক এক কাউন্সিলর। তিনি বলেছিলেন, ‘সাইনবোর্ডে শুধু মারাঠি ভাষাতেই বার্তা লেখা উচিত। তার সঙ্গে কেন উর্দু ভাষা ব্যবহার করা হচ্ছে?’ তাঁর আইনজীবী বলেন, ‘পৌরসভার কাজ শুধু মারাঠিতেই হওয়া উচিত।’ ওই পৌরসভার সাইনবোর্ডে উর্দু লেখা বন্ধের দাবিও তোলেন তিনি।
এর আগে তার আবেদন খারিজ করেছিলেন মুম্বাই হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চও খারিজ করে দিলেন সেই আবেদন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভাষা একটি সম্প্রদায়ের, একটি অঞ্চলের, মানুষের হতে পারে।
কিন্তু ভাষা কোনো ধর্মের নয়। ভাষা সংস্কৃতি। কোনো সম্প্রদায় বা তার মানুষজনের সভ্যতার যাত্রা পরিমাপের মাপকাঠি হলো ভাষা। উর্দুর ক্ষেত্রেও তাই। উত্তর ও মধ্য ভারতের সমতলভূমির সংস্কৃতির অংশ হলো উর্দু।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের যে পৌরসভার সাইনবোর্ডে উর্দুতে লেখা হয়েছে, সেখানে বহু মানুষ ওই ভাষাটিই বুঝতে পারে। তাদের সুবিধার্থেই উর্দু ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন বিচারপতিদের বেঞ্চ।
এনএ/
