হাসান আল মাহমুদ >>
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ‘জুলাই বিপ্লব’ নেতা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ ও আলেমসমাজ। রবিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এটি ছিল তাঁর উপর দ্বিতীয়বারের মতো হামলা।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ আলেম ও বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা প্রতিবাদে মুখর হন। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মাকাতাবাতুল ইসলাম-এর প্রকাশক ও বিশিষ্ট আলেম মাওলানা আহমাদ গালিব বলেন, ‘বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটি ক্যান্সারে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ’র উপর বর্বরোচিত হামলার পর এর অপারেশন (সমাধান) এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই দলকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা উচিত।’
বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর হিসেবে পরিচিত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন-নাছিরী বলেন, ‘ইন্না লিল্লাহ… হাসনাতের উপর এমন হামলা খুবই দুঃখজনক। তিনি ইসলামী ইস্যুতে সবসময় সরব থাকেন। দেশের ভেতরে ও বাইরে অনেক গোষ্ঠী তাঁর উপর ক্ষুব্ধ। তাঁর প্রতি হামলার ধরণও সুপরিকল্পিত মনে হচ্ছে। আল্লাহ তাঁকে হেফাজত করুন।’
লেখক, সম্পাদক মুফতি মুহিউদ্দিন কাসেমী বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতাদের ওপর বারবার এমন হামলা মেনে নেওয়া যায় না। সরকারে ছাত্র উপদেষ্টাদের জন্য স্থান থাকা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, সন্ত্রাসীরা হুমকি দিয়ে বেড়ালেও সরকার নিশ্চুপ।’
কওমি উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা রোকন রাইয়ান বলেন, দ্বিতীয়বারের মতো হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হলো। অথচ সরকার এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। হাসনাত ইসলামী অবস্থানে অটল এবং অর্থ-লোভে অপ্রভাবিত বলেই হয়তো তাঁর উপর ক্রমাগত হামলা হচ্ছে। ভবিষ্যতেও এমন হামলার আশঙ্কা থেকে যায়।’
তিনি আরও বলেন, ‘আজ যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদের টার্গেট করাটাই যেন রাজনীতির নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত হাসনাতের পাশে দাঁড়ানো এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।’
এদিকে মাওলানা আবু রায়হান উজানবী বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর মতো একজন সৎ দেশপ্রেমিকের উপর বারবার হামলা এই দেশের জন্য অশনি সংকেত। প্রকৃত দেশপ্রেমিকদের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক।’
উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহর উপর একের পর এক হামলার ঘটনায় দেশের আলেমসমাজসহ সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এবং একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
হাআমা/
