নরসিংদী জেলা প্রশাসকের কাছে বদরুজ্জামানের স্মারকলিপি

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

প্রস্তাবিত থানা বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে তিনি ৩৬ নিউজকে বলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে পৃথক প্রশাসনিক থানা বাস্তবায়নের দাবি প্রসঙ্গে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা দক্ষিণ শাখা (চরাঞ্চল) অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়নের (শ্রীনগর, পাড়াতলী, বাঁশগাড়ী, চাঁনপুর, চরমধুয়া ও মির্জাচর) দায়িত্বশীলবৃন্দ এই স্মারকলিপি দিই।

তিনি জানান, বাংলাদেশের বৃহত্তম উপজেলার একটি রায়পুরা, যা ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে উক্ত ৬টি ইউনিয়ন মেঘনা নদী পরিবেষ্টিত দূর্গম চরাঞ্চল হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার সাথে বিচ্ছিন্ন। ফলে আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দেয়।

‘এ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগে কিছু অপরাধীচক্র টেটাযুদ্ধ, দাঙ্গা, হত্যা ইত্যাদির মতো গুরুতর অপরাধ সংঘটিত করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীও দ্রুত হস্তক্ষেপ করতে সক্ষম হয় না। অন্যদিকে অবকাঠামো ও জনবলের দিক থেকে অন্যান্য ইউনিয়নের সাথে প্রায় সমানতর হলেও শুধুমাত্র যোগাযোগ ও পরিবেশগত বৈরিতার কারণে চরাঞ্চলের জনগণ বিভিন্নভাবে বঞ্চনার শিকার। ফলে একদিকে যেমন সুষম উন্নয়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও দুরূহ হয়ে পড়েছে।’-বলেন তিনি।

বদরুজ্জামান বলেন, উক্ত পরিস্থিতি বিবেচনায় চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক থানা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে চরাঞ্চলের মধ্যস্থলে, পাড়াতলী ও বাঁশগাড়ী ইউনিয়নের সীমানাঘেষা আরাকান্দা এলাকায় “রায়পুরা চরাঞ্চল থানা” বা উপযুক্ত কোনো নামকরণে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক থানা স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

দাবি বাস্তবায়ন প্রসঙ্গে মুহাম্মদ বদরুজ্জামান ৩৬ নিউজকে জানান, স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মহোদয় বলেন, ‘আশা করি, খুব শীঘ্রই প্রস্তাবিত থানা বাস্তবায়ন হবে। আমি আমার অবস্থান থেকে এ বিষয়ে যা কিছু করণীয়, তা যথাযথভাবে করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল, শনিবার, আলীনগর বাজার ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ দাবি সর্বসম্মতভাবে উপস্থাপিত হয়। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমও এ সংবাদ গুরুত্বের সাথে প্রচার করেছে (সংযুক্ত স্ক্রিনশট দ্রষ্টব্য)। এ দাবির পক্ষে ধারাবাহিক কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহও একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222