আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাং কুলকান্দি বাজারে উত্তেজিত জনতার হাতে আটক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় বাজারে অবস্থানকালে স্থানীয়রা তাকে ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম খান বীরুর বিরুদ্ধে বহুদিন ধরেই বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যের একটি শ্রমবাজারে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন। এ ঘটনায় একাধিক অভিযোগ ওঠে এবং ২০১৮ সালে প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
বাজারে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলে এবং আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “সাইফুল ইসলাম খান বীরুকে স্থানীয় জনতা আটকের পর আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ বাজারে দেখা যাওয়ায় মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়।
হাআমা/
