ঢাকার সাভারে পুত্রবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। পরে ঘটনাস্থল থেকে পুত্রবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনায় শ্বশুর মাসুদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে সেলিমের সাথে বিয়ে হয় লতার। বিয়ের পর স্থানীয় সোলেমান মিয়ার দো’তলা বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। পরে একই বাড়িতে ভাড়া উঠে লতার বাবা-মা ও সেলিমের বাবা-মা।
এদিকে বিয়ের পর থেকেই লতাকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী সেলিম ও শ্বশুর মাসুদ মিয়া। এ নিয়ে উভয় পরিবারের মাঝেই প্রায় ঝগড়া হয়।
আরো জানায়, শনিবার পুত্রবধূ লতাকে ধর্ষণের চেষ্টা চালায় শ্বশুর মাসুদ। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করেন মাসুদ। ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। এ সময় লতার স্বামী সেলিম পালিয়ে যায়।
নিহতের বাবা আব্দুস সালাম বলেন, শ্বশুর মাসুদ, বাবুল ও সজিবসহ চারজন মিলে আমার মেয়েকে ধর্ষণ করে। তারপর তাকে হত্যা করে তারা। আমি ধর্ষকদের দেখলে চিনতে পারব।
এদিকে লতা ও তার শ্বশুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান আব্দুস সালাম।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, শ্বশুর তার পুত্রবধূকে হত্যা করেছেন। তার আগে তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/
