রাজধানীর নিকটবর্তী নারায়ণগঞ্জের মাদানীনগর মাদরাসা থেকে (২০২১-২০২২ শিক্ষাবর্ষে) দাওরায়ে হাদিস সম্পন্নকারী মাওলানা ইমরান সিদ্দিকী বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। লেখাপড়া শেষ করে তিনি মাদানীনগর মাদরাসার সামনে ‘মাদানী কম্পিউটার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
রোববার (১৫ জুন) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুর ভাঙ্গা থানাধীন বামনকান্দার এক্সপ্রেসওয়ের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লাগলে চালক ইমরান সিদ্দিক (২৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শিবচর হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। মোটরসাইকেলটি শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়।
ইমরান সিদ্দিকীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামে। তার বাবার নাম শেখ শুকুর। তিনি দুই মাস আগেই মোটরসাইকেলটি কিনেছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক।
মাদানীনগর মাদরাসার শিক্ষার্থীরা জানান, ইমরান সিদ্দিকীর ব্যবহার ছিল অমায়িক। মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে তার ব্যবসায়িক আচরণ ছিল খুবই ভালো। তার ফটোকপি ও কম্পিউটারের দোকানে মাদরাসার ছাত্রদের যাতায়াত ছিল।
এআইএল/
