হাসান আল মাহমুদ >>
বিশিষ্ট লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সম্প্রতি ‘মব’ শব্দ নিয়ে সুশীল সমাজের অতিপ্রতিক্রিয়াকে ব্যঙ্গ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি অতীতের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা স্মরণ করিয়ে দেন।
পিনাকী লিখেছেন, ‘মব শব্দটি নিয়ে ইদানিং ‘বাঙ্গু সুশীল’ এবং ‘নব্য সুশীলেরা’ মুখে ফেনা তুলছে। অথচ ২০১৫ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং জাসদের নেতা মাঈনুদ্দীন খান বাদল ১৪ দলীয় জোটের সভায় প্রকাশ্যে বলেছিলেন—‘বিএনপি কর্মীদের পায়ে এবং প্রয়োজনে বুকে গুলি করতে হবে।’
তিনি প্রশ্ন তোলেন, ‘এই বক্তব্য যদি হেফাজত, জামায়াত বা কোনো ইসলামপন্থি নেতা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দিত, তাহলে সেদিনই দুনিয়া একাকার হয়ে যেত। কোথায় ছিলেন তখনকার প্রগতিশীল মহল, কোথায় ছিলেন তথাকথিত সুশীল সমাজের নেতারা?’
পিনাকী ভট্টাচার্য আরও বলেন, ‘সেই সময় ‘মব’ শব্দ নিয়ে কোনো সম্পাদকীয় কি দেখেছেন? মাহফুজ আনাম, জাফর ইকবাল বা অন্যদের মুখে তখন কি কোনো নিন্দা ছিল? জান-জবান ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কেউ কি সরব হয়েছিল?’
তিনি আক্ষেপ করে লিখেন, ‘বাদলের সেই হুমকির পরপরই বাংলাদেশে শুরু হয়েছিল গুম, খুন, নির্যাতনের মহোৎসব। কয়েক বছর ধরে চলেছে সেই নিষ্ঠুর অধ্যায়। অথচ আজ বিএনপি, জামায়াতসহ অনেক রাজনৈতিক দল ১৪ দলীয় জোটের সেই অপকর্ম ভুলে গেছে।’
পিনাকী সমালোচনা করে বলেন, ‘আজ যারা রাতের ভোটের চিহ্ন বহন করে চলেছেন, তারাও আবার অন্যদের ‘মব’ বলে তাচ্ছিল্য করেন। এমনকি নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ঘিরে প্রতিবাদ করলেও বিএনপি নেতাকেও ‘মব’ বলে চিহ্নিত করা হয়।’
হাআমা/
