বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও তাড়াইল মাদরাসাতুল আতহার, দামিহা বাজার-এর সম্মানিত শিক্ষক মাওলানা ইমদাদুল হক (রাহি.) ইন্তেকাল করেছেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ ২৬ জুন বৃহস্পতিবার, বাদ আসর, দামিহা উদয়ন কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
ছাত্রজীবন থেকেই মাওলানা ইমদাদুল হক (রাহি.) ইসলামী আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। ১৯৯০ ও ১৯৯১ সালে তিনি ইসলামী ছাত্র মজলিস তাড়াইল উপজেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তিনি দ্বীনি শিক্ষা, সংগঠনিক কাজ এবং দাওয়াতি অঙ্গনে ছিলেন একজন নিষ্ঠাবান ও আদর্শ মুজাহিদ।
মরহুমের বড় ছেলে জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন। ছোট ছেলে হেফজখানার নাজেরা বিভাগে অধ্যয়নরত এবং কন্যা স্থানীয় এক মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করছে।
মাওলানা ইমদাদুল হক (রাহি.)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা ইমদাদুল হক (রাহি.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন ও সংগঠনের প্রতি আস্থাশীল কর্মী। তাঁর আন্তরিকতা, একাগ্রতা ও দ্বীনী খেদমত আমাদের জন্য অনুকরণীয়। তাঁর ইন্তেকালে আমরা একজন সৎ, নিষ্ঠাবান ও আত্মত্যাগী সংগঠককে হারালাম।
আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের উদ্যান বানিয়ে দিন, তাঁর ইলমী ও দাওয়াতি খেদমত কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবর করার তাওফীক দান করুন—আমিন।
হাআমা/
