চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হামিউস সুন্নাহ মেঘল মাদরাসার মুহতামিম ও প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা উসমান ফয়েজীর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এক শোক বার্তায় মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, মাওলানা উসমান ফয়েজী ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেম, মুখলিস দাঈ ও আদর্শ শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে হামিউস সুন্নাহ মেঘল মাদরাসার মুহতামিম হিসেবে দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস কাজ করে গেছেন। তাঁর হাত ধরে হাজারো শিক্ষার্থী আলেম হয়ে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। তাঁর এই চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একইসাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
