গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৩

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরের ওপর হামলার মধ্য দিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

নিহতরা হলেন—ইমন তালুকদার (১৮), রমজান কাজী (২২) ও দীপ্ত সাহা (২৫)। প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন ছিল বলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা ফিরে যাওয়ার পথে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে তাদের ওপর হামলা চালায়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো শহরে। সহিংসতার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ ও সাংবাদিকসহ অনেকেই।

বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী মাঠে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুঁড়ছে। শহরের প্রবেশ ও বাহিরের সড়কগুলো গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দিয়েছে সরকারপন্থি কর্মীরা।

পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে। রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সূত্র জানিয়েছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এর আগে সকালেই ইউএনওর গাড়িতে হামলা এবং একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। বিকালে এনসিপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জুলাই মাসজুড়ে ‘জুলাই অভ্যুত্থানের’ ধারাবাহিকতায় এনসিপি দেশব্যাপী পদযাত্রা করছে। এর অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশ আয়োজন করে। কেন্দ্রীয় নেতাদের ভাষ্যমতে, এই পদযাত্রা ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনেরই অংশ। কিন্তু আজকের সহিংসতা সেই শান্তিপূর্ণ কর্মসূচিকে রক্তাক্ত করে তুলেছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222