গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ফলক উন্মোচন করতে গিয়ে তিনি লাল কাপড়ে ঢাকা শ্বেতপাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হন।
এ সময় উপদেষ্টা ফাওজুল বলতে থাকেন, এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। এ সময় তিনি দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
রোববার (২৪ আগস্ট) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেখানে স্থাপিত ফলক উন্মোচন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আশপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকৌশলীরা যদি দেখেন তাহলে এইটাকে ২০ থেকে ৩০ শতাংশ রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের উপর আমাদের নির্ভরতা কমিয়ে রেল পথ, নদী পথ এবং বিমান পথের ব্যবহার বাড়াতে হবে।
এআইএল/
