জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি। দলকে টাকার কাছে বিক্রি করে পকেট বাণিজ্যের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গড়া দলকেই দেখতে চায়। ফ্যাসিবাদ পতনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি। অসংখ্য ছাত্র-জনতা, শ্রমজীবী ও সাধারণ মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। যারা দলকে টাকার কাছে বিক্রি করে আওয়ামী মনোভাবাপন্নদের জায়গা করে দিয়েছে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের সাথে যাদের সখ্যতা রয়েছে তাদের বিএনপির কমিটিতে রাখা যাবে না। অথচ টাকার বিনিময়ে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে অযোগ্যদের পদ দেয়া হয়েছে।
তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ দেশ। বিএনপির বিকল্প আর কেউ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।
এনআর/
