বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দাবি করা হয়, ইকবালকে সহকর্মী রতন চন্দ্র দেবনাথ নামের একজন হত্যা করেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, এ দাবি মিথ্যা। পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকারীর প্রকৃত নাম রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬)। তিনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত আড়াইটার দিকে অফিসে প্রবেশ করে রতন হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করেন। ইকবালের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনার পর রতনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। অবশেষে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ফিলিং স্টেশন থেকে তেল চুরির অভিযোগে ইকবাল তাকে দায়ী করছিলেন। এই ক্ষোভ থেকেই প্রতিশোধ নিতে রতন হত্যাকাণ্ডটি ঘটান।
এনআর/
