যুক্তরাজ্যের শাসক দল লেবার পার্টির দুই সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমপি সায়মন অফার এবং পিটার প্রিন্সলি একটি পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে ইসরায়েলে যান। প্রতিনিধিদলটি অধিকৃত ফিলিস্তিনি এলাকায় চিকিৎসা ও ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি সরাসরি পর্যালোচনা করার উদ্দেশ্যে সফরে ছিল।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ ওই দুই এমপিকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি।
এ বিষয়ে লেবার দলের দুই এমপি ইসরায়েলের আচরণকে ‘চরম হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। তারা বলেন, ‘আমরা সরাসরি দেখতে চেয়েছিলাম, ওই অঞ্চলে স্বাস্থ্যসেবার কী ধরনের সংকট রয়েছে। কিন্তু আমাদের প্রবেশাধিকার অস্বীকার করা হয়েছে।’
এদিকে লন্ডনে ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লেবার এমপিদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হ্যামিশ ফ্যালকনারসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা পুরো ঘটনায় সংশ্লিষ্ট এমপিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ব্রিটিশ এমপিদের ইসরায়েলে প্রবেশে বাধা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
