সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে রবিবার নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো কোনো সিরীয় নেতা জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন, যা দেশটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করা হচ্ছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির বরাতে প্রেসিডেন্সি সূত্রে জানা গেছে, শারা অধিবেশনের বিভিন্ন সেশনে অংশ নেবেন এবং একাধিক রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন।
তার এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন দামেস্ক যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের প্রচেষ্টা চালাচ্ছে। যদিও সম্প্রতি কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, তবে ২০১৯ সালের মার্কিন আইনের ভিত্তিতে আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ওই আইন গৃহযুদ্ধ চলাকালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের প্রেক্ষিতেই কার্যকর করা হয়েছিল।
২০২৪ সালের শেষ দিকে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংহতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথে এগোচ্ছে।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকার পর বাশার আল-আসাদ গত ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে আহমদ আল-শারার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
