মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পালিত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৮ ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। একসময় জনবিচ্ছিন্ন ও পতিত জঙ্গল ছিল এই এলাকা, আজ তা পরিণত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ সীমান্ত ব্যাটালিয়নে।
ব্যাটালিয়নের সূচনা ও ভূমি অধিগ্রহণ
২০০৯ সালে বিডিআর পুনর্গঠনের প্রেক্ষাপটে ২০১০ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া সেক্টর কমান্ডারের সভাপতিত্বে ঝিনাইদহে নতুন ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনায় তিনটি সম্ভাব্য স্থান সুপারিশ করা হয়, যার মধ্যে খালিশপুরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
২০১৩ সালের ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-১ বর্তমানে ব্যাটালিয়নের স্থানে জমি অধিগ্রহণের অনুমোদন দেয়। জেলা প্রশাসনের মাধ্যমে ১৩.৯৩ একর ব্যক্তিমালিকানাধীন জমি এবং ১১ একর সড়ক ও জনপদ জমি অধিগ্রহণ করা হয়।
এরপর ২০১৪ সালের ৯ জুলাই অস্থায়ী টিনসেড ভবনে কার্যক্রম শুরু হয়। ১৪ জুলাই ২০১৪ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজিবির রিজিয়ন কমান্ডার হাবিবুল করিম।
শুভ উদ্বোধন ও দায়িত্বগ্রহণ
২০১৫ সালের ১ নভেম্বর তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন। এর সঙ্গে ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার, সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক এবং স্থানীয় বিশিষ্টজনেরা।
পরে ৫৮ বিজিবির কার্যক্রম শুরু হয় লে. কর্নেল তাজুল ইসলাম এর অধীনে। এরপর একে একে দায়িত্ব পালন করেছেন—
- লে. কর্নেল জিল্লুর রহমান
- লে. কর্নেল তাজুল ইসলাম (পুনরায়)
- লে. কর্নেল কামরুল আহসান
- লে. কর্নেল শাহিন আজাদ
- লে. কর্নেল মাসুদ পারভেজ রানা
- লে. কর্নেল আজিজুস শহীদ
বর্তমানে ব্যাটালিয়নের দায়িত্বে আছেন লে. কর্নেল মোঃ রফিকুল আলম, যিনি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অর্জিত সফলতা:
- মানব চোরাচালানের সময় ২,৮১৯ জন আটক
- ভারতীয় নাগরিক ১৮ জন আটক
- মানব চোরাকারবারী ৩৭ জন গ্রেফতার
অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা’র নেতৃত্বে ব্যাটালিয়ন মানবপাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে।
লে. কর্নেল মাসুদ পারভেজ রানা’র নেতৃত্বে বিশেষ অভিযান, টহল এবং স্থায়ী কার্যক্রমের কারণে এই সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অধিনায়ক তার সতর্ক নেতৃত্ব ও কর্মদক্ষতার জন্য ব্যাটালিয়নের জওয়ানদের মধ্যে শৃঙ্খলা, মনোবল এবং দক্ষতা বৃদ্ধি করেছেন।
উৎসব ও অনুষ্ঠান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠান ২ নভেম্বর অনুষ্ঠিত হবে সরকারি ছুটির কারণে।
এক দশকের এই যাত্রায় পতিত জঙ্গল থেকে দৃষ্টিনন্দন ব্যাটালিয়ন রূপান্তর ৫৮ বিজিবিকে সীমান্ত নিরাপত্তায় এক সফল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এনএ/
