বিএনপির ফাঁকা আসনে ইসলামী দলগুলোর যেসব নেতাদের সম্ভাবনা বাড়ছে

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতার সম্ভাবনা জোরালো হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অন্তত ১৩টি আসনে ইসলামী দলগুলোর শীর্ষ নেতাদের প্রার্থী হিসেবে সমর্থন দিতে পারে বিএনপি। এসব আসনে বিএনপি ইতোমধ্যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং সংশ্লিষ্ট ইসলামী নেতারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বিজ্ঞাপন
banner

বিএনপি ও ইসলামী দলগুলোর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে “এক বাক্সে ভোট” এবং পারস্পরিক সমর্থনের বিষয়ে প্রাথমিক সমঝোতাও গড়ে উঠেছে। বিএনপি থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর থেকেই ইসলামী নেতারা নিজ নিজ এলাকায় প্রচারণা জোরদার করেছেন। সবকিছু ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বিএনপি যেসব আসনে ইসলামী দলগুলোর প্রার্থীদের সমর্থন দেয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে, সেগুলোর মধ্যে রয়েছে—

  • সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোহাম্মদ আলী
  • সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক
  • নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী
  • চট্টগ্রাম-১২ (পটিয়া): নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
  • ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): জমিয়তের সহ-সভাপতি ও হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব
  • কুমিল্লা-২ (হোমনা-তিতাস): ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  • মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর): মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর)
  • চট্টগ্রাম-২ (ফটিকছড়ি-ভুজপুর): নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ শাহজাহান
  • ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর): খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক
  • শরীয়তপুর-১ (পালং-জাজিরা): খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ
  • ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী): খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন
  • চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী): জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনির
  • যশোর-৫ (মনিরামপুর) : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মুফতি ওয়াক্কাস রহ. এর ছেলে মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

চট্টগ্রাম-১২ (পটিয়া): নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ৩৬ নিউজকে বলেন, আমরা ইসলাম ও দেশমাতৃকার জন্য কাজ করে যাচ্ছি। রাষ্ট্রের সেবায় আমরা সবসময় তৈয়ার। তবে, বিএনপি কর্তৃক মনোনীত হবার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সম্ভাবনা আছে, বাকিটা আল্লাহ মা’লুম।’

কুমিল্লা-২ আসনের সম্ভাব্য প্রার্থী মুফতি সাখাওয়াত হোসাইন রাজি জানিয়েছেন, ‘আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এখনো হয়নি, তবে আলোচনা চলছে। জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল।’

এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়  প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ৩৬ নিউজকে জানান, ‘বিএনপি বরাবরই ইসলামি দলগুলোর সমর্থন করে থাকে। আমাদের জমিয়তের সভাপতিসহ একাধিক নেতাকে এবারও বিএনপি আসন দেবে আশা করছি।’

এদিকে জমিয়ত মুফতি ওয়াক্কাস রহ. সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা আহমদ ইসলামাবাদী ৩৬ নিউজকে জানান, ‘আমাদের জমিয়তকে কয়েকটি আসন দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আলহামদুলিল্লাহ যশোর-৫ (মনিরামপুর) আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মুফতি ওয়াক্কাস রহ. এর ছেলে মুফতি রশীদ বিন ওয়াক্কাস ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। আশা করছি, শিগগির সুসংবাদ দিতে পারব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত এপ্রিলে রাজধানীর গুলশানে হেফাজতে ইসলাম নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এরপর ১ আগস্ট চট্টগ্রামের বাবুনগরে হেফাজতের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করে। ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222