ডেস্ক রিপোর্ট
জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি দল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। তারা শাপলা চত্বর থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে। ১০ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ১১ নভেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়। এরপর পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছেন জামায়াতসহ আন্দোলনরত ৮টি দলের নেতা-কর্মীরা। সেখানে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হবে।
এদিকে জামায়াতসহ ৮ দলের কর্মসূচির কারণে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো– জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টি।
এমএআর/
