হাসান আল মাহমুদ >>
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দল আগামী ১১ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে দুপুর ২টায় বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।
আন্দোলনরত দলগুলোর পক্ষে সমাবেশের নেতৃত্ব দেবেন—
- ডা. শফিকুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
- মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
- মাওলানা মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস
- অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
- অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, আমীর, খেলাফত মজলিস
- মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন
- প্রকৌশলী রাশেদ প্রধান, সহ-সভাপতি ও মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
- অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, সভাপতি, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)
আজ সোমবার (১০ নভেম্বর) আট দলের সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে ৩৬ নিউজ।
দলগুলোর নেতৃবৃন্দ ৩৬ নিউজকে জানান, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জনগণের মতামতের ভিত্তিতে একটি গণভোট আয়োজন এবং জুলাই সনদে বর্ণিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তারা দেশের সব ইসলামপ্রেমী জনগণ, আলেম-উলামা, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষকে ১১ নভেম্বরের পল্টন সমাবেশে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
সমাবেশে কারা বক্তব্য দেবেন—এ বিষয়ে দলগুলোর নেতারা ৩৬ নিউজকে জানান, যেহেতু সময় সীমিত (দুপুর ২টা থেকে বিকেল ৪টা, অর্থাৎ আসরের আগেই শেষ হবে), তাই শুধু আট দলের প্রধান ও মহাসচিবরা বক্তব্য দেবেন।
এদিকে আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে সমাবেশের বিস্তারিত জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ড. হামিদুর রহমান আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা সাখাওয়াত হোসেন, অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, মাওলানা তৌহিদুজ্জামান, অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, মাওলানা আব্দুল মাজেদ আতহারি, অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও কাজী আনোয়ারুল করিম।
উল্লেখ্য, মূল পাঁচ দফা দাবি হচ্ছে,
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বরে গণভোট আয়োজন।
- আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (জাতীয় সংসদ) পিআর পদ্ধতি চালু করা।
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
- ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
হাআমা/
