ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজার-বিশন্দদী সড়কে গভীর রাতে যাত্রী ভেবে পুলিশের টহল গাড়ি থামায় একদল ডাকাত। ভেতর থেকে পুলিশ সদস্যরা নামতেই পালিয়ে যায় ডাকাত দল।
রবিবার (২৩শে নভেম্বর) রাত ৩টার দিকে আড়াইহাজারের জালাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, “নারায়ণঞ্জে ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে একটি সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। সেই গাড়িটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে নিয়ে সিএনজির গতিরোধ করে একদল ডাকাত। সাথে সাথেই পুলিশ সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, “গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে গতিরোধ করে ডাকাত দল। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়।” এ ঘটনায় ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএআর/
