বাউল আবুলের পক্ষে মির্জা ফখরুল! তওবার আহ্বান ইসলামি দলগুলোর

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বাউল শিল্পী আবুল সরকারের আল্লাহ, কুরআন ও রাসূলে পাক ﷺ–এর শানে কটূক্তি ইস্যুতে দেশজুড়ে যখন তীব্র প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় বাউলদের ওপর হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের কাজ’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ ইসলামি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এছাড়া, বাউলের পক্ষবাদীতার নিন্দা জানিয়েছেন উপমহাদেশের সর্বৃবহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশও।

বিজ্ঞাপন
banner

কী বলেছিলেন মির্জা ফখরুল?

বুধবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে মির্জা ফখরুল বলেন, ‘গ্রামীণ বাংলার বাউলরা আমাদের সংস্কৃতির অংশ। যারা তাদের ওপর হামলা করে, তারা ধর্মান্ধ গোষ্ঠী।’

তার এই মন্তব্যে ইসলামপন্থী দলগুলোসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে চলছে তার বক্তব্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা।

অনেকেই মনে করছেন, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী বক্তব্য নিয়ে একটি শব্দ না করে বরং প্রতিবাদকারীদের ‘ধর্মান্ধ’ বলা মুসলিম জনগোষ্ঠীর ঈমানি অনুভূতিকে উপহাস করার শামিল।

পীর সাহেব চরমোনাইয়ের কঠোর প্রতিক্রিয়া

আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) চরমোনাইর অগ্রহায়ণ মাহফিলের ছাত্র গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন—‘খোদাদ্রোহীর পক্ষ নেওয়া কোনো রাজনীতিবিদের জন্যও গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির মহাসচিবের অবস্থানে দেশবাসী ঘৃণা প্রকাশ করেছে।’

তিনি আরও বলেন, বাউল আবুল সরকারের আল্লাহবিরোধী বক্তব্যে দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা ন্যায়সঙ্গত ও ঈমানি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

ফখরুলের মন্তব্যে উদ্বেগ জানালেন আমীরে মজলিস মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন—‘তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলা সংঘাত উসকে দেওয়ার শামিল। আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তার পক্ষ নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি জানান, আবুল সরকারের বিরুদ্ধে জনতার প্রতিক্রিয়া ছিল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ। আর যে রাজনৈতিক গোষ্ঠী তার পক্ষে অবস্থান নিচ্ছে তারা দেশের ঈমানি আবহকে আঘাত করছে।

‘তওবা করুন, নতুবা পদত্যাগ করুন’— জমিয়ত নেতা জুনায়েদ আল হাবীব

বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবীবও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজ বায়তুল মোকাররমে এক সমাবেশে তিনি বলেন—‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফরহাদ মজহারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও সতর্ক করেন, ‘তওবা করেন নতুবা বিএনপি থেকে পদত্যাগ করুন।’

জুনায়েদ আল হাবীব ঘোষণা দেন, মানিকগঞ্জে বৃহৎ সমাবেশ হবে এবং সেখান থেকে বাউল অপতৎপরতা বন্ধ না হলে জাতীয় পর্যায়ে কর্মসূচি দেওয়া হবে।

হেফাজতে ইসলামের কঠোর অবস্থান: ‘ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না’

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন—‘বাউলদের পক্ষ যারা নিয়েছেন তাদের বলতে চাই, আপনারা বুঝেশুনে কথা বলেন। আপনারা আবার ভোট চান। মুসলমানদের ভোট ছাড়া, ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি আরও বলেন—‘আল্লাহ ও রাসুলকে যারা গালি দেবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। আল্লাহ ও রাসুলের কটূক্তিকারীদের বিচার করে ফাঁসি না দেওয়া হলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

আল্লামা সাজিদুর রহমান পরিষ্কার করে জানান—‘এটা রাজনৈতিক স্বার্থ নয়, বরং ধর্মীয় স্বার্থ রক্ষা ও রাসুল ﷺ–এর ইজ্জত রক্ষার আন্দোলন। আল্লাহকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে।’

হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমী সমাবেশে বলেন, ‘যারা আবুলের পক্ষে বিবৃতি দিয়েছেন, তারা আগামীতে ক্ষমতায় যেতে চান। এই ধরনের কাজে সমর্থন দিয়ে বিগত সরকার ক্ষমতায় টিকতে পারেনি।’

হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাউল আবুল সরকার যা করেছেন, তা সরাসরি কুরআন অবমাননা। মুসলমানের এই দেশে কুরআনের বিরুদ্ধে বলে কেউ থাকতে পারবেন না। বাউলদের পক্ষাবলম্বন যারা করেছেন, তারাও ঈমানহারা হয়ে গেছেন।’ নির্বাচনের আগে ধর্মীয় বিশ্বাস নিয়ে উসকানিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করেন তিনি।

হেফাজতের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, ‘আন্দোলনকারীদের ধর্মান্ধগোষ্ঠী বলে যারা কটূক্তি করেছেন, তাদের বলতে চাই– বাঙালি জাতিসত্তার আগে মুসলিম জাতিসত্তা না মানলে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’

দেশজুড়ে নিন্দার ঝড়

ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও মির্জা ফখরুলের বক্তব্যে চরম হতাশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন—‘বারবার ইসলামবিরোধীদের পক্ষ নিয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করছেন বিএনপি মহাসচিব। দলের প্রতি ধর্মীয় মনোভাবাপন্ন মানুষের আস্থা কমে যাচ্ছে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222