জোটে গড়াচ্ছে কি বিএনপি ও এনসিপি?

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর ঠিক এ সময়েই দুই দলের সম্ভাব্য জোট–সমঝোতা নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে নানামুখী বিশ্লেষণ দেখা যাচ্ছে

বিজ্ঞাপন
banner

আসন সমঝোতায় ঝুঁকছে এনসিপি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি এখন বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকতার বাইরে থেকে আলোচনা চালাচ্ছে।
উভয় দলের সূত্র অনুযায়ী—

  • কমপক্ষে ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা চায় এনসিপি।
  • এর মধ্যে ঢাকার অন্তত ৪টি আসন রয়েছে।
  • বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় তিনটি মন্ত্রণালয়ের অংশীদারিত্ব চাইছে এনসিপি।
  • এনসিপি নেতারা নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও নিশ্চয়তা চান।

তবে, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে তারা চায় না যে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় যাক।

জামায়াতেরও আগ্রহ আছে, তবে সতর্ক এনসিপি

জামায়াত এনসিপিকে বেশি ছাড় দিতে আগ্রহী হলেও এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেকে মনে করেন—নতুন দল হিসেবে ‘ডানপন্থী’ তকমা এড়াতে তারা মধ্যপন্থী ইমেজ বজায় রাখতে চান।

এনসিপির নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থী

জানা গেছে, এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কমিটির প্রধান, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা সেক্রেটারি।

দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সম্ভাব্য প্রার্থী—

  • ঢাকা-১১: আহ্বায়ক নাহিদ ইসলাম
  • রংপুর-৪: সদস্যসচিব আখতার হোসেন
  • ঢাকা-১৮ বা চাঁদপুর-৫: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ঢাকা-৯: তাসনিম জারা
  • ঢাকা-১৪: আরিফুল ইসলাম আদীব
  • পঞ্চগড়-১: সারজিস আলম
  • কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
  • নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ
  • কুড়িগ্রাম-২: আতিক মুজাহিদ

অনেক আসনেই বিএনপি ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করলেও এনসিপি–বিএনপি সমঝোতা হলে বিএনপি প্রয়োজনে প্রার্থী উঠিয়ে নেবে বলেও সূত্র জানিয়েছে।

ছাত্র প্রতিনিধি ও বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–রও এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আছে বলে জানা যায়। বোঝাপড়া হলে তাঁরা যথাক্রমে লক্ষ্মীপুর-১ এবং ঢাকা-১০ থেকে নির্বাচনে নামতে পারেন।

এককভাবেও লড়াইয়ের প্রস্তুতি

এনসিপি শুধু জোটের দিকেই তাকিয়ে নেই। দলটি এককভাবেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে আংশিক প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা আছে।

দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন—‘এখনো আমরা জোট নিয়ে ভাবছি না। বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। প্রয়োজন হলে বিবেচনা করব। তবে আমাদের অগ্রাধিকার—এককভাবেই নির্বাচন করা।’

এদিকে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুটি গুরুত্বপূর্ণ শক্তি আখ্যা দিয়ে দুই দলের মধ্যে দায়িত্বশীল ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি রাজনৈতিক সংকট, পরিবারতন্ত্র, প্রক্সি রাজনীতি এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নাসীরুদ্দীনের আহ্বান: বিএনপিকে বদলাতে হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সংকট ব্যক্তি বা দলের সংকট নয়; এটি এক গভীর রাষ্ট্রগত সংকট, যা পরিবারতন্ত্রের সীমাবদ্ধতার বাইরে গিয়ে নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে। তাঁর মতে, মুজিববাদ ও মওদূদীবাদের দীর্ঘমেয়াদি আধিপত্য বাংলাদেশকে ভারত–পাকিস্তানের প্রক্সি দ্বন্দ্বে আবদ্ধ রেখেছে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও প্রক্সি রাজনীতির প্রভাব কমেনি। তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে বিএনপি ও এনসিপির মধ্যে দায়িত্বশীল ঐক্য জরুরি। তবে তার শর্ত—বিএনপিকে পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হয়ে সংস্কারের পথে হাঁটতে হবে এবং ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশি জাতীয়তাবাদে ফিরে আসতে হবে।

তিনি স্পষ্ট করেন, এনসিপির চার নীতিতে কোনো আপস নেই: রাষ্ট্র পুনর্গঠন, সার্বভৌম মর্যাদা, ধর্মীয়-নৈতিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও স্বাধীনতা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222