হাদি ইস্যুতে রিজভীর বক্তব্যে মাখামাখি রাজনীতি

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীকে শিবিরের সদস্য বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে রিজভীর ওই বক্তব্যকে সরাসরি ‘বোগাস’ ও ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন
banner

ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, “আমি শুনেছি, এটি বোগাস কথাবার্তা। এটি ভুয়া, আমি এমন কোনো বক্তব্য দিইনি।” তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিজন্ডার জারি করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি দেখেই তার নামে ভিত্তিহীন বক্তব্য প্রচার করা হয়েছে।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি দাবি করেন, পুলিশ কমিশনার নাকি হামলাকারীকে শিবিরের সদস্য হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছেন।

রিজভী তার বক্তব্যে বলেন, “আজ পুলিশ কমিশনার জানিয়েছেন হত্যাকারী শনাক্ত হয়েছে এবং সে শিবিরের সদস্য। এটি বিএনপির কোনো নেতার বক্তব্য নয়; যারা এটি বলছে, তারা রাষ্ট্রের আইনের স্বীকৃত তদন্তকারী কর্মকর্তা।”

তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা মির্জা আব্বাসের নাম উল্লেখ করেছেন, যা অনভিপ্রেত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ আখ্যা দিয়ে আক্রমণ করেছে।

রিজভী দাবি করেন, হাদির ওপর হামলাকারী ব্যক্তি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে সাদিক কায়েমের সঙ্গে এক টেবিলে বসে চা খেতে দেখা গেছে। তিনি ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন।

এদিকে ডিএমপি কমিশনারের নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রুহুল কবির রিজভীর বক্তব্য সম্পূর্ণ অসত্য ও দায়িত্বজ্ঞানহীন।

বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।” তিনি অবিলম্বে রিজভীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

পরবর্তীতে অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, আরটিভির লোগো ব্যবহার করে ডিএমপি কমিশনারের নামে প্রচারিত বক্তব্য এবং একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার ছবি—উভয়ই ভিত্তিহীন ও এআই জেনারেটেড ছিল।

রিজভী বলেন, “ক্রসচেক না করে ওই দুটি বিষয় নিয়ে বক্তব্য রাখায় আমি অনিচ্ছাকৃত ভুল করেছি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222