আতাউল্লাহ নাবহান মামদুহ >>
আবেদন করতে পারবে কওমি শিক্ষার্থীরাও—এমন সুযোগ রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) বাস্তবায়নাধীন “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” প্রকল্পে শিক্ষক ও কেয়ারটেকার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় সম্মানীভিত্তিক ও সম্পূর্ণ অস্থায়ীভাবে প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং মডেল ও সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে।
প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এস. এম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র-শিক্ষক পদে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষক পদের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এসএসসি/দাখিল বা কওমি মাদরাসার শরহে বেকায়া বা সমমান পাস হতে হবে। সহজ কুরআন শিক্ষা ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির দাখিল/শরহে বেকায়া বা সমমান যোগ্যতা থাকতে হবে। শিক্ষককে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও পাঠদানে দক্ষ হতে হবে। এ পদে মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা, পাশাপাশি বছরে দুটি ইনসেনটিভ প্রদান করা হবে।
অন্যদিকে মডেল কেয়ারটেকার পদের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ফাজিল/স্নাতক বা কওমি মাদরাসার মিশকাত/জালালাইন পাস এবং সাধারণ কেয়ারটেকার পদের জন্য দ্বিতীয় শ্রেণির এইচএসসি/আলিম বা কওমি মাদরাসার শরহে বেকায়া পাস যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কেয়ারটেকার পদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। মডেল কেয়ারটেকারের মাসিক সম্মানী ১০ হাজার ৫০০ টাকা এবং সাধারণ কেয়ারটেকারের মাসিক সম্মানী ৮ হাজার ৫০০ টাকা। উভয় ক্ষেত্রেই বছরে দুটি ইনসেনটিভ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি বা সরকারি অনুদানপুষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এসব পদে আবেদন করতে পারবেন না। শিক্ষকতা ও ইমামতি অভিজ্ঞতা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ব্যক্তিজীবনে ইসলামী আদর্শের অনুসারী হতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় বা জেলা কার্যালয়ের পরিচালক/উপপরিচালকের বরাবর অথবা সংশ্লিষ্ট উপজেলা বা জোনের মডেল রিসোর্স সেন্টারে আবেদনপত্র জমা দিতে হবে। প্রকল্পের প্রধান কার্যালয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এসব নিয়োগ কেবল প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকবে। প্রকল্পের মেয়াদ শেষ হলে নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
হাআমা/
