বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে তার বহু স্মৃতি ও অভিজ্ঞতা তৈরি হয়েছে। এ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি একটি বিশেষ অনুরোধ জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা: আপনাদের সাথে আমি দীর্ঘ ১৮ বছর ছিলাম। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি। আজকে যুক্তরাজ্যে যারা আছেন, বিশেষকরে ‘ইয়াং জেনারেশন’ সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি, তাই সেদিন আপনারা কেউ দোয়া করে এয়ারপোর্টে যাবেন না। কারণ— একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে।’
তারেক রহমান আরও বলেন, যারা সেদিন এয়ারপোর্টে না যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
টিএইচএ/
