তারেক রহমানের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়ে যা বললেন আলেমরা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনে দেশের আলেম সমাজ ও বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠন তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। তারা এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন এবং একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
banner

রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে : পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ‘তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা আশা করি। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে একটি অস্থিরতা বিরাজ করছিল, বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ দল সরাসরি নেতৃত্বশূন্য ছিল।’

তিনি বলেন, ১৭ বছর পর তার প্রত্যাবর্তনের পেছনে পতিত ফ্যাসিবাদের প্রতিহিংসামূলক রাজনীতির নির্মম বাস্তবতা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর প্রতিহিংসার রাজনীতি চিরতরে উৎখাত করার সংগ্রাম তারেক রহমানসহ সকলকে চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান যে রাজনৈতিক প্ল্যানের কথা বলেছেন, সেখানে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও ফ্যাসিবাদের স্থায়ী বিলোপের রূপরেখা থাকবে—এটাই জনগণের প্রত্যাশা।

তবে দেশে ফেরার বিষয়ে বিলম্ব নিয়ে যে অস্পষ্টতার ইঙ্গিত দেওয়া হয়েছে, তা উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতার দেশে ফেরা অন্য কারও নিয়ন্ত্রণাধীন থাকতে পারে না—এ ধরনের কিছু থাকলে তা প্রতিহত করতে হবে এবং বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা জরুরি।

গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক বার্তা : মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার দীর্ঘদিন পর দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে তার ভূমিকা কী হবে, জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি কী অবস্থান নেন—তার ওপরই এই প্রত্যাবর্তনের বাস্তব প্রভাব নির্ভর করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ভয়াবহ মূল্য দিতে হতে পারে।

তিনি একইসঙ্গে শহীদ শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের ব্যর্থতা জনমনে ক্ষোভ তৈরি করছে, যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

ইনসাফভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘তারেক রহমান একজন প্রজ্ঞাবান ও যুগোপযোগী রাজনৈতিক নেতা। তার প্রত্যাবর্তন একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে নতুন গতি সঞ্চার করবে।’

তারা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন : আজহারী

জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগতম।’

তিনি তারেক রহমানের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’

জাতীয় ঐক্য ও সহনশীলতার আহ্বান ইমাম পরিষদের

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ মনে করে, একজন রাজনৈতিক নেতার নিজ দেশে ফিরে এসে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা গণতন্ত্রের জন্য ইতিবাচক। এতে রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরি হতে পারে।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কোনো প্রকার প্রতিহিংসা, অস্থিরতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টি হবে না। বরং সকল রাজনৈতিক পক্ষ সংযম, দায়িত্বশীলতা ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেবে।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ বিশ্বাস করে, দেশের স্থিতিশীলতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। এ ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222